ওমরাহ পালন করতে সৌদি আরব গমনেচ্ছু বাংলাদেশিদের জন্য নতুন নিয়মের ঘোষণা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। নতুন এই নীতিমালা অনুযায়ী, ওমরাহ ভিসা পাওয়ার প্রক্রিয়ায় এখন থেকে প্রতিদিনের খাবারের জন্য বাধ্যতামূলকভাবে ‘নুসুক’ ফুড ভাউচার কেনা আবশ্যক করা হয়েছে।
আগামী ১ রবিউল আউয়াল থেকে এই নিয়ম কার্যকর হবে। বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান ও মিসরের ওমরাহযাত্রীদের জন্য এই নতুন নির্দেশনা প্রযোজ্য হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্যমতে, ওমরাহযাত্রীদের খাবারের জন্য প্রতিদিন প্রায় ২০ সৌদি রিয়াল খরচ হবে, যা ভিসার মোট ফির সঙ্গে যুক্ত করা হবে।
সৌদি আরবের নতুন এই ব্যবস্থায় ওমরাহযাত্রীদের আবাসন, যাতায়াত এবং খাবার ব্যবস্থাপনা একটি নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে পরিচালনা করা হবে। এই কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে মক্কা ও মদিনার প্রায় ১০ হাজার রেস্তোরাঁকে ‘নুসুক’ অ্যাপের আওতাভুক্ত করা হয়েছে। ওমরাহযাত্রীরা ভিসার সঙ্গে একটি বিশেষ কোড পাবেন, যা প্রদর্শন করে তারা নির্ধারিত দোকান বা রেস্তোরাঁ থেকে খাবার সংগ্রহ করতে পারবেন।
সৌদি কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো ওমরাহযাত্রীদের জন্য মানসম্মত ও সুশৃঙ্খল খাবার সরবরাহ নিশ্চিত করা এবং অনিবন্ধিত সেবাদাতাদের কার্যক্রম নিয়ন্ত্রণ করা। তবে এই নতুন নিয়মের কারণে বাংলাদেশ থেকে ওমরাহ প্যাকেজের সামগ্রিক খরচ কিছুটা বৃদ্ধি পেতে পারে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন। এই পরিবর্তনের প্রেক্ষিতে ট্রাভেল এজেন্সিগুলোকে নতুন করে প্যাকেজ মূল্য নির্ধারণ করতে হতে পারে।

