দেশের রাজনীতিতে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত অপরাজনীতি বন্ধের দাবিতে সাভারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা জেলা যুবদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই সমাবেশে যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না অভিযোগ করে বলেন, একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে ‘গুপ্ত রাজনীতি’ করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে।
সোমবার বিকেলে সাভার মডেল মসজিদ প্রাঙ্গণে ‘সুস্থ ধারার রাজনীতি’ প্রতিষ্ঠার দাবিতে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মোনায়েম মুন্না বলেন, কিছু রাজনৈতিক দল সুপরিকল্পিতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেশের স্থিতিশীলতা নষ্টের অপপ্রয়াস চালাচ্ছে। তিনি অভিযোগ করেন যে, একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা গুপ্ত রাজনীতি শুরু করেছে এবং মুক্তিযুদ্ধের ইতিহাস ও শহীদদের নিয়ে নানা বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে।
এ সময় তিনি উদাহরণ টেনে বলেন, একটি রাজনৈতিক দলের একজন নেতা সংসদে দাবি করেছিলেন যে তার বাবা মুক্তিযুদ্ধের সময় শহীদ হয়েছেন, অথচ পরবর্তী সময়ে দেখা গেছে তার বাবা এখনো জীবিত। এভাবে তারা মিথ্যা ও অপপ্রচারের অপরাজনীতি করছে বলে তিনি মন্তব্য করেন।
ঢাকা জেলা যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আবুল মনছুর খান দীপক, আজহারুল ইসলাম মিলন, মিনহাজুল ইসলাম ভূঁইয়া, সাজেদুল ইসলাম এবং ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খানসহ অন্যান্য নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, দেশে সুস্থ ধারার রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা জরুরি। তারা শিষ্টাচারবহির্ভূত সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের বিরোধিতা করে বলেন, জনগণের কল্যাণে ইতিবাচক রাজনীতি চর্চাই তাদের মূল লক্ষ্য। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সাভারের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ও ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে রেডিও কলোনী এলাকায় গিয়ে শেষ হয়। এতে যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
