সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের নীতিগত অনুমোদন

রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নের লক্ষ্যে সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার (৮ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভায় কমিটির সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, আগামী চার মাসের মধ্যে কাঁচপুর বাস টার্মিনালটি চলাচলের উপযোগী করে তুলতে হবে। এই প্রকল্পের আওতায় টার্মিনালের শেড নির্মাণ, টিকিট কাউন্টার, টয়লেট ও অফিস কক্ষসহ আনুষঙ্গিক স্থাপনা নির্মাণের কাজগুলো রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) সম্পন্ন করা হবে। প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চিটাগাং ড্রাই ডক লিমিটেড, যা বাংলাদেশ নৌবাহিনীর মাধ্যমে পরিচালিত হবে।

প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করা হয়েছে ৬ কোটি ৮৮ লাখ টাকা। এই বাজেটের আওতায় ৪ হাজার ১২ বর্গমিটার প্ল্যাটফর্মে ঢালাই ও টাইলস স্থাপন, ১৫ হাজার ৫৩৩ কেজি প্রোফাইল শিট দিয়ে শেডের ছাদ তৈরি, ১২০টি টিকিট কাউন্টার নির্মাণ এবং ৩২টি টয়লেট নির্মাণের কাজ অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া টিকিট কাউন্টার ও এর চারপাশে পার্টিশনসহ অন্যান্য প্রয়োজনীয় স্থাপনা নির্মাণের কাজও নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে এই টার্মিনাল ব্যবহার উপযোগী করার জন্য প্রয়োজনীয় সব কার্যক্রম গ্রহণের নির্দেশ দিয়েছে।