ভারতের সবচেয়ে মূল্যবান সেলিব্রিটি ব্র্যান্ডের তালিকায় শীর্ষস্থান দখল করেছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। ক্রল সেলিব্রিটি ব্র্যান্ড ভ্যালুয়েশন রিপোর্ট ২০২৫ অনুযায়ী, তাঁর ব্র্যান্ড মূল্য বেড়ে দাঁড়িয়েছে ১৭ কোটি ৭৯ লাখ মার্কিন ডলারে। এর মধ্য দিয়ে তিনি ক্রিকেট তারকা বিরাট কোহলিকে পেছনে ফেলেছেন, যিনি এতদিন এই তালিকার শীর্ষে ছিলেন।
প্রতিবেদনটি আরও জানায়, ২০২৪ সালে শাহরুখ খান এই তালিকার তৃতীয় অবস্থানে ছিলেন। সে বছর তাঁর ব্র্যান্ড মূল্য ছিল ১৪ কোটি ৫৭ লাখ মার্কিন ডলার। এক বছরের ব্যবধানে তাঁর ব্র্যান্ড মূল্য প্রায় ২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালে এই মূল্য ছিল ১২ কোটি ৭ লাখ মার্কিন ডলার, অর্থাৎ দুই বছরে তাঁর ব্র্যান্ড মূল্য প্রায় ৪৭ শতাংশ বেড়েছে। ২০২৫ সালে এক লাফে তিনি শীর্ষে উঠে এসেছেন।
রিপোর্টে উল্লেখিত তথ্য অনুযায়ী, বর্তমানে ভারতের শীর্ষ ২৫ জন সেলিব্রিটির সম্মিলিত ব্র্যান্ড মূল্য প্রায় ২০০ কোটি মার্কিন ডলার।
গত এক বছরে শাহরুখ খান একাধিক নতুন প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে যুক্ত হয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ক্যাস্ট্রল, জয় পার্সোনাল কেয়ার ও ক্যান্ডেরে। একইসঙ্গে হুন্দাই, এলজি, মিন্ত্রা ও এয়ারবিএনবি-সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে তাঁর দীর্ঘদিনের অংশীদারত্বও অব্যাহত রয়েছে। এর ফলে অটোমোবাইল, প্রযুক্তি, ফ্যাশন, ভ্রমণ ও লাইফস্টাইলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে তাঁর ব্র্যান্ড উপস্থিতি আরও শক্তিশালী হয়েছে।
বিশ্লেষকদের মতে, অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপন ও ব্র্যান্ড জগতেও শাহরুখ খানের ধারাবাহিক সাফল্য তাঁর জনপ্রিয়তা ও বাজারমূল্যের শক্ত অবস্থানের প্রতিফলন।
এদিকে, কাজের ক্ষেত্রেও বেশ ব্যস্ত সময় পার করছেন শাহরুখ খান। বর্তমানে তিনি বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। এই সিনেমায় প্রথমবারের মতো বড় পর্দায় তাঁর সঙ্গে অভিনয় করবেন তাঁর মেয়ে সুহানা খান।

