শার্শায় ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবকের মৃত্যু, আহত ১

যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নে ইটবোঝাই একটি ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে উপজেলার গোগা ইউনিয়নের সালামের মোড় এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন যশোর সদর উপজেলার সুজলপুর গ্রামের জাহাঙ্গীর ভান্ডারীর ছেলে নাহিদ ইসলাম (৩৫) এবং বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের জমাত আলীর ছেলে উষা রহমান (৩০)। আহত রুবেল হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে নাহিদ, উষা ও রুবেল একটি মোটরসাইকেলে করে সীমান্ত এলাকার দিকে যাচ্ছিলেন। তারা রুদ্রপুর-গোগাগামী পাকা সড়কের সালামের মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই ট্রাক্টরটির সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ভয়াবহতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিন আরোহীই সড়কে ছিটকে পড়েন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধারের চেষ্টা করেন। তবে ঘটনাস্থলেই নাহিদ ইসলাম ও উষা রহমান মারা যান। খবর পেয়ে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এদিকে দুর্ঘটনার পরপরই ট্রাক্টরের চালক ও তার সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান। স্থানীয় জনতা ট্রাক্টরটি আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, জব্দ করা ট্রাক্টরটি পুলিশের হেফাজতে রয়েছে। চালক ও তার সহকারীকে শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে এবং নিহতদের ময়নাতদন্ত সম্পন্ন করতে মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, রুদ্রপুর-গোগা সড়কে ইটবোঝাই ট্রাক্টর ও ভারী যানবাহন নিয়মিত চলাচল করে। চালকদের বেপরোয়া গতির কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এলাকাবাসী সড়কে ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়ন এবং ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।

কন্টেন্ট: সংগৃহীত