শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও প্রচারাভিযান অনুষ্ঠিত

৬ জুন ২০২৬ তারিখে শেরপুর জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ডেঙ্গু রোগের বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা প্রচারাভিযান পরিচালিত হয়েছে। এই কার্যক্রমটি জেলা সদর হাসপাতাল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে এগ্রিকালচার ইনস্টিটিউট মোড়ে এসে সমাপ্ত হয়।

উক্ত র‍্যালিতে শেরপুরের জেলা প্রশাসক মিজ্‌ ফরিদা ইয়াসমিন, জেলা পুলিশ সুপার এ. কে. এম. জহিরুল ইসলাম, সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, স্থানীয় সরকার উপপরিচালক ও পৌর প্রশাসক মিজ্‌ আরিফা সিদ্দিকা, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোঃ সেলিম মিঞা এবং শেরপুর প্রেসক্লাবের সভাপতি জনাব কাকন রেজাসহ সদর হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, নার্স ও অন্যান্য সুধীজন অংশ নেন।

ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর পন্থা হলো মশার প্রজননস্থলগুলো ধ্বংস করা এবং আমাদের চারপাশের পরিবেশকে পরিচ্ছন্ন রাখা। এক্ষেত্রে বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, ফেলে রাখা টায়ার, ডাবের খোসা অথবা যেকোনো ধরনের পাত্রে যাতে পানি জমে না থাকে, সেদিকে নিয়মিতভাবে খেয়াল রাখতে হবে।

এই অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও ডেঙ্গুমুক্ত শেরপুর গড়ার আহ্বান জানানো হয়।