সিরাজগঞ্জে নিজ কক্ষে যুবতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ সদর উপজেলার শ্যামপুর গ্রাম থেকে মীম খাতুন (১৮) নামে এক যুবতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মীম ওই গ্রামের বাসিন্দা মুকুল সেখের একমাত্র কন্যা। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনা সূত্রে জানা যায়, রোববার দুপুরের দিকে ঘুমানোর কথা বলে মীম তার নিজ কক্ষে চলে যান। পরবর্তীতে বিকেলে তার মা ঘরে প্রবেশ করে দেখেন যে, মীম সিলিং ফ্যানের সঙ্গে গলায় দড়ি পেঁচিয়ে ঝুলে আছে।

পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক মীমকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে ওই হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই যুবতী সিলিং ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।