ভারতীয় ক্রিকেটের সাবেক অধিনায়ক ও বিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি এবং তার স্ত্রী ডোনা গাঙ্গুলিকে হত্যার হুমকি দেয়া হয়েছে। সোমবার পুলিশের একটি সূত্রের বরাতে গালফ নিউজ এ তথ্য নিশ্চিত করেছে। প্রাণনাশের হুমকি সম্বলিত চিঠি পাওয়ার পর সৌরভ গাঙ্গুলির ব্যক্তিগত সহকারী তার পক্ষ থেকে পুলিশে অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, সোমবার পশ্চিমবঙ্গ ক্রিকেট এসোসিয়েশনের প্রেসিডেন্টের অফিসে সৌরভ ও ডোনা গাঙ্গুলির ঠিকানায় পাঠানো দুটি চিঠি খোলা হয়। ইংরেজিতে লেখা এই চিঠিগুলোতে এই দম্পতির জীবন ও নিরাপত্তার প্রতি মারাত্মক হুমকি দেয়া হয়েছে। চিঠিতে তাদের সঙ্গে যারা কাজ করেন, তাদেরকেও হুমকি দেয়া হয়েছে।
পারিবারিক সূত্র জানিয়েছে, গত ছয় মাস ধরেই তারা একই রকম চিঠি পাচ্ছিলেন। তবে সর্বশেষ চিঠিতে হুমকির ধরণ আগের চেয়ে অনেক বেশি গুরুতর হওয়ায় পরিবারটি পুলিশের দ্বারস্থ হতে বাধ্য হয়। এরই প্রেক্ষিতে কলকাতার ঠাকুরপুকুর থানায় একটি লিখিত অভিযোগ জমা দেয়া হয়েছে এবং একইসঙ্গে রাজ্য সরকারের নিরাপত্তা বিভাগকেও বিষয়টি সম্পর্কে সতর্ক করা হয়েছে।
এর আগে অজ্ঞাত ব্যক্তিদের পাঠানো চিঠিতে আপত্তিকর ভাষা ব্যবহার করা হলেও পরিবারটি প্রাথমিকভাবে একে ব্যক্তিগত আক্রোশ হিসেবে বিবেচনা করে গুরুত্ব দেয়নি। কিন্তু সর্বশেষ চিঠিতে দম্পতির ব্যক্তিগত নিরাপত্তা ও জীবনের প্রতি সরাসরি হুমকি থাকায় তারা আতঙ্কিত। অভিযোগে দায়ী ব্যক্তিদের শনাক্ত করে সৌরভ গাঙ্গুলি, তার স্ত্রী ও স্টাফদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়েছে। পুলিশ অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্ত শুরু করেছে এবং সাবেক এই অধিনায়কের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
পারিবারিক সূত্র বলেছেন, গত ৬ মাস ধরে একই রকম চিঠি পাচ্ছেন তারা।

