ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির সভাপতি, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি এবং কমিটির অন্যান্য সদস্যরা আজ রবিবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপির সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাৎ জাতীয় সংসদ ভবনস্থ স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন কমিটির সদস্য ডা. মাহাবুবুর রহমান, নায়াব ইউসুফ আহমেদ, মীর আহমাদ বিন কাসেম, সাঈদ আল নোমান এবং মোহাম্মদ নাজিবুর রহমান।
বৈঠকে লাইব্রেরি কমিটির ৩ নম্বর সাব-কমিটির প্রতিবেদন স্পিকারের কাছে উপস্থাপন করা হয়। এরপর এই প্রতিবেদন নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনা শেষে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, বাজেট অধিবেশন শেষ হওয়ার পর সুবিধাজনক সময়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব পার্লামেন্টারি স্টাডিজ (বিআইপিএস) আইন, ২০০১-এর অধীনে এর পরিচালনা বোর্ড ও নির্বাহী কমিটি পুনর্গঠনের জন্য একটি বোর্ড সভা আহ্বান করা হবে।
এই বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
