গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের পাচলটিয়া গ্রামে গভীর রাতে এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাত দেড়টা থেকে আড়াইটার মধ্যে ১ নম্বর ওয়ার্ডের পাচলটিয়া গ্রামের আব্দুস সামাদ মোল্লার বাড়িতে এই অপরাধমূলক ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ৬ থেকে ৭ জনের একটি মুখোশধারী ডাকাত দল বাড়িতে হানা দেয়। তাদের মধ্যে ৪ থেকে ৫ জন ঢেঁকি ব্যবহার করে রান্নাঘরের পাশের কাঠের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে, আর বাকিরা বাইরে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঘরে ঢুকেই ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে এবং তাদের হাত-পা বেঁধে ফেলে।
ডাকাতরা ঘর থেকে প্রায় ১৪ ভরি স্বর্ণালংকার, নগদ প্রায় ৯০ হাজার টাকা, একাধিক অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, মূল্যবান কাগজপত্রসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। আব্দুস সামাদ মোল্লার ভাতিজি তানিমা সুলতানা জানান, ডাকাতরা অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে মালামাল লুট করে। এছাড়া আব্দুস সামাদ মোল্লার ভাই মাওলানা নজরুল ইসলাম জানান, গভীর রাতে দরজা ভেঙে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের বেঁধে ফেলায় তারা চরম আতঙ্কিত হয়ে পড়েন।
ঘটনার বিষয়ে গোসিঙ্গা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য সুমন জানান, তিনি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং স্থানীয়দের মধ্যে এ ঘটনায় আতঙ্ক বিরাজ করছে। গোসিঙ্গা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারুকও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে, ডাকাতরা ঢেঁকি দিয়ে কাঠের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ডাকাতি সংঘটিত করেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

