নাটোরে সিংড়া উপজেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের এবারের এসএসসি পরীক্ষায় কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। অকৃতকার্য হওয়া প্রতিষ্ঠান দুটি হলো কলম কারিগরি স্কুল এন্ড কলেজ এবং বাহাদুর দাখিল মাদ্রাসা। এই দুই প্রতিষ্ঠান থেকে মোট ৫১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন, কিন্তু তাদের কেউই কৃতকার্য হতে পারেননি।
এ ছাড়া উপজেলার আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে ফলাফল বিপর্যয় ঘটেছে। এর মধ্যে বড়সাঐল টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট কলেজ এবং ফরিদনগর টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজ থেকে মাত্র একজন করে শিক্ষার্থী পাস করেছেন। ঐতিহ্যবাহী চৌগ্রাম উচ্চ বিদ্যালয় ও কলেজের ভোকেশনাল শাখা থেকে ৪৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করলেও পাস করেছেন মাত্র তিনজন।
কলম কারিগরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুস সবুরের সঙ্গে যোগাযোগ করা হলে তার স্ত্রী ও সহকারী শিক্ষক মাহফুজ আখতার জানান, প্রতিষ্ঠানটির ফলাফল সাধারণত ভালো থাকে। কিন্তু এ বছর ৪২ জন পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য হওয়ায় শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা চরম উদ্বেগের মধ্যে রয়েছেন।
বাহাদুর দাখিল মাদ্রাসার সুপার ইউনুস আলী জানান, তাদের প্রতিষ্ঠান থেকে এ বছর নয়জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন এবং সবাই অকৃতকার্য হয়েছেন। তিনি উল্লেখ করেন, নন-এমপিওভুক্ত প্রতিষ্ঠানটি ২০০৪ সাল থেকে নিয়মিতভাবে সন্তোষজনক ফলাফল করে আসছে।
এ বিষয়ে সিংড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসা. নাজনীন সুলতানা বলেন, সব প্রতিষ্ঠানের ফলাফল জেলা শিক্ষা অফিসের মাধ্যমে জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে। পরবর্তী সময়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

