সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে ঢাকায় জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করার পরবর্তী সময়ে তাকে পুনর্বহাল করা হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দাবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। গত ২১ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সিলেটের ডিসির পদ থেকে প্রত্যাহার করা হয়েছিল। হযরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজারের তহবিল ব্যবস্থাপনায় জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়ে সম্প্রতি তিনি আলোচনায় ছিলেন। তিনি নিজেও গণমাধ্যমের কাছে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছিলেন।
এরপর ২৩ জুন সারওয়ার আলম নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক বিদায়ী স্ট্যাটাসে লেখেন, ‘বিদায় সিলেট। ভালো থাকুন সিলেটবাসী। আপনাদের ভালোবাসায় আমি ধন্য।’ একই দিন তিনি সিলেট ত্যাগ করে ঢাকার উদ্দেশে যাত্রা করেন। বর্তমান পরিস্থিতিতে সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্ব পালন করছেন।
তবে এমন বাস্তবতার বিপরীতে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে ‘আলহামদুলিল্লাহ, সিলেটবাসীর প্রতিবাদের কারণে ডিসি সারওয়ার আলম স্যার পুনর্বহাল’ শিরোনামে একটি তথ্য প্রচার করা হচ্ছে। ‘Abdul Aziz Saddam’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করা এমন একটি পোস্টে প্রায় সাড়ে ৪ হাজার প্রতিক্রিয়া এবং ৬০০টিরও বেশি মন্তব্য জমা পড়েছে। পোস্টটি প্রায় ৪০০ বার শেয়ারও হয়েছে। এ ছাড়া অন্তত ৩৫টির বেশি পেজ, গ্রুপ ও ব্যক্তিগত প্রোফাইল থেকে একই দাবি পুনঃপ্রচার করা হয়েছে।
এই দাবির সত্যতা যাচাই করতে গিয়ে দেখা যায়, পোস্টগুলোতে সারওয়ার আলমের ছবির পাশে যে নোটিশটি ব্যবহার করা হয়েছে তা মূলত গত ২১ জুনের প্রত্যাহারের প্রজ্ঞাপন। জ্যেষ্ঠ সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত সেই অস্পষ্ট ও আংশিক স্ক্রিনশটটিকেই পুনর্বহালের প্রমাণ হিসেবে উপস্থাপন করা হচ্ছে। সারওয়ার আলমকে পুনর্বহাল করা হয়েছে এমন কোনো তথ্য কোনো সরকারি সূত্র, নির্ভরযোগ্য সংবাদমাধ্যম কিংবা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যায়নি। প্রচারিত পোস্টগুলোতেও দাবির সপক্ষে কোনো যৌক্তিক প্রমাণ নেই।
সব মিলিয়ে তথ্য-উপাত্ত এবং সংশ্লিষ্ট দপ্তরের কার্যক্রম বলছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রত্যাহারাদেশ কার্যকর হওয়ার পর সারওয়ার আলম দায়িত্ব হস্তান্তর করে সিলেট ত্যাগ করেছেন এবং নতুন জেলা প্রশাসক নিয়োগ না হওয়া পর্যন্ত পিংকি সাহা ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করছেন। অতএব, ডিসি সারওয়ার আলমের পুনর্বহালের দাবিটি সম্পূর্ণরূপে ভুয়া।
