কারিগরি ও মাদ্রাসা শিক্ষা খাতে ৮ কোটি ৩০ লাখ টাকা অনুদান বিতরণের নির্দেশ

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীদের জন্য ৮ কোটি ৩০ লাখ টাকার বিশেষ অনুদান বিতরণের প্রক্রিয়া শুরু হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত পরিচালন বাজেটের বিশেষ অনুদান খাত থেকে এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এক চিঠিতে এই অনুদান বিতরণের জন্য সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, তালিকাভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের নামের পাশে উল্লেখিত হারে বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর মাধ্যমে মোবাইল ব্যাংকিংয়ের আওতায় এই অর্থ বিতরণ করতে হবে। প্রতিটি অনুদান গ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী বা শিক্ষার্থীকে কেবলমাত্র একবারই এই সুবিধা দেওয়া হবে। কোনো ব্যাংক হিসাব বা মোবাইল নম্বরে একাধিকবার অনুদানের অর্থ পাঠানোর সুযোগ নেই।

মনোনীত ৪২৮টি শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানপ্রতি ২৫ হাজার টাকা করে মোট ১ কোটি ৭ লাখ টাকা।মনোনীত ৮৫৩ জন শিক্ষক-কর্মচারীকে জনপ্রতি ১৫ হাজার টাকা করে মোট ১ কোটি ২৭ লাখ ৯৫ হাজার টাকা।ইবতেদায়ি স্তরের ২ হাজার ৪৮৪ জন শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে মোট ১ কোটি ২৪ লাখ ২০ হাজার টাকা।দাখিল ও ভোকেশনাল স্তরের ৩ হাজার ১৬৭ জন শিক্ষার্থীকে ৮ হাজার টাকা করে মোট ২ কোটি ৫৩ লাখ ৩৬ হাজার টাকা।এইচএসসি (বিএম), আলিম ও ডিপ্লোমা স্তরের ১ হাজার ১২৮ জন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে মোট ১ কোটি ১২ লাখ ৮০ হাজার টাকা।কামিল, ফাজিল ও তদূর্ধ্ব স্তরের ৫৩৭ জন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে মোট ৫৩ লাখ ৭০ হাজার টাকা।চুক্তি অনুযায়ী, বাংলাদেশ ডাক বিভাগ-নগদের প্রশাসককে এই আদেশ জারির ৭ কর্মদিবসের মধ্যে অর্থ বিতরণ সম্পন্ন করতে হবে। বিতরণ শেষে বিস্তারিত প্রতিবেদন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে জমা দিতে হবে। এছাড়া, শিক্ষাপ্রতিষ্ঠানের অনুকূলে বরাদ্দকৃত অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে পাঠাতে হবে। যদি কোনো অর্থ অব্যয়িত থাকে, তবে তা ১০ কর্মদিবসের মধ্যে সরকারি কোষাগারে জমা দিয়ে তার প্রমাণক মন্ত্রণালয়ে পাঠাতে হবে।

কন্টেন্ট: সংগৃহীত