তিস্তার ভাঙন রোধ ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গংগাচড়ায় মানববন্ধন

রংপুর জেলার গংগাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নে তিস্তাপাড়ের স্থানীয় বাসিন্দারা ১ নম্বর গ্রোয়িং বাঁধটি রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবিতে একটি মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। বুধবার বিকালে আয়োজিত এই মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী নদী ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

কোলকোন্দ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শরিফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই মানববন্ধনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. আল মামুন।

নিজের বক্তব্যে মো. আল মামুন বলেন, তিস্তাপাড়ের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা হলো তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে নদীগর্ভে বিলীন হওয়ার হাত থেকে হাজার হাজার হেক্টর কৃষি জমি রক্ষা পাবে। তিনি আরও উল্লেখ করেন, কোলকোন্দ ইউনিয়নের ১ নম্বর গ্রোয়িং বাঁধটিতে বর্তমানে ভাঙন দেখা দিয়েছে। এই বাঁধটি রক্ষা করতে না পারলে স্থানীয় হাজার হাজার পরিবার তাদের বাড়িঘর হারাবে। দ্রুত ব্লক ফেলার মাধ্যমে গ্রোয়িং বাঁধ ও সংশ্লিষ্ট ভাঙন এলাকা রক্ষার জন্য তিনি সরকারের প্রতি জোর দাবি জানান।

মানববন্ধনে সংহতি জানিয়ে আরও বক্তব্য রাখেন এনসিপি গংগাচড়া উপজেলা আহ্বায়ক ও সাবেক ভাইস চেয়ারম্যান সাজু আহমেদ লাল, রংপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মুনতাসির মামুন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলী আরিফ সরকার ও সদস্য সচিব শাহিনুর ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন এনসিপি উপজেলা যুগ্ম সদস্য সচিব সামিউল ইসলাম শুভ, জেলা ছাত্রশক্তির সদস্য আব্দুলা আস মুইদ, ৬ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য হুমায়ন কবির লাল এবং স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।