উজানের ঢল ও ভারী বৃষ্টিতে তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি

উজানের ঢল এবং অব্যাহত ভারী বৃষ্টির কারণে তিস্তা নদীর পানির সমতল আবারও বৃদ্ধি পেয়েছে। বর্তমানে পানি বিপৎসীমার মাত্র ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

সোমবার (২০ জুলাই) সকাল ৮টায় নীলফামারীর ডিমলার ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ১০ সেন্টিমিটার, যেখানে বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার। পানির চাপ সামাল দিতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার সুবিধার্থে ডালিয়া পয়েন্টে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাটই খুলে রাখা হয়েছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরি জানিয়েছেন, পানির প্রবাহ আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে নদী তীরবর্তী নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিসা চাপানী, ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ী ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। এছাড়া জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিম্নাঞ্চলও প্লাবিত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

কন্টেন্ট: সংগৃহীত