তেহরানে জুমার খুতবায় অপরাধীদের শাস্তির আহ্বান ইমামের

তেহরানের জুমার নামাজের খুতবায় ইমাম মোহাম্মদ জাওয়াদ হাজি আলী আকবারি বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার প্রথম পদক্ষেপ হওয়া উচিত অপরাধীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করা।

শুক্রবার দেওয়া খুতবায় তিনি প্রতিশোধের এই দাবিকে কেবল আবেগের বিষয় নয়, বরং যুক্তি, শরিয়াহ এবং অধিকারভিত্তিক একটি দাবি হিসেবে অভিহিত করেছেন। ইমাম আকবারি আরও বলেন, বিপ্লবের সর্বোচ্চ নেতা তার বার্তায় জাতির এই সামগ্রিক দাবিকে সমর্থন জানিয়েছেন। এখন এই দাবি ইসলামী জাতির অন্যতম প্রধান দাবিতে পরিণত হয়েছে।

প্রতিশোধের পরবর্তী ধাপগুলো সম্পর্কে তিনি বলেন, অপরাধীদের শাস্তির পর অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে দেওয়া এবং পশ্চিম এশিয়ার মানচিত্র থেকে জায়নবাদী শাসনব্যবস্থাকে মুছে ফেলার উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে বিশ্বে আমেরিকার আধিপত্যবাদী অবস্থানের অবসান ঘটানোর ওপরও তিনি গুরুত্বারোপ করেন।