১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল

সরকারের সুনির্দিষ্ট নির্দেশনা মেনে আগামী ১৬ ডিসেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু করার লক্ষ্য নিয়ে কাজ করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এই প্রকল্পের অগ্রগতির বিষয়ে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক জানিয়েছেন, আগস্টের শেষদিকে অথবা সেপ্টেম্বরের শুরুর দিকে থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব জাপানের কাছে হস্তান্তরের চুক্তি সম্পন্ন হতে পারে বলে তারা প্রত্যাশা করছেন।

সোমবার (২০ জুলাই) দুপুরে সিভিল অ্যাভিয়েশন এবং এয়ার ট্রাফিক অপারেশন বিষয়ক এক কর্মশালায় এসব তথ্য তুলে ধরেন বেবিচক চেয়ারম্যান। কর্মশালা শেষে তিনি অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেন।

বিমানবন্দরের সার্বিক নিরাপত্তার বিষয়ে গুরুত্বারোপ করে বেবিচক চেয়ারম্যান বলেন, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দর এলাকায় কোনো ধরনের ড্রোন না ওড়ানোর জন্য গণমাধ্যমকর্মীদের অনুরোধ জানানো হয়েছে। এছাড়া বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এ বছরই শাহজালাল বিমানবন্দরের জন্য অত্যাধুনিক এন্টি ড্রোন সিস্টেম ক্রয় করা হবে।

কর্মশালায় আরও জানানো হয় যে, নতুন এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) স্থাপিত হওয়ার ফলে দেশের সমুদ্রসীমায় বিদেশি উড়োজাহাজের ফ্লাইট চার্জের মাধ্যমে প্রতিবছর ৮ শতাংশ রাজস্ব আয় বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

কন্টেন্ট: সংগৃহীত