বাংলাদেশিদের জন্য ভারতের পর্যটন ভিসা চালু করায় পশ্চিমবঙ্গের ইতিবাচক সাড়া

বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের পর্যটন ভিসা পুনরায় চালু করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পশ্চিমবঙ্গের একাধিক মন্ত্রী এবং ক্ষমতাসীন দল বিজেপির বিধায়করা।

পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহ মন্ত্রী অশোক কীর্তনীয়া বলেন, এটি মূলত দুই দেশের অভ্যন্তরীণ বিষয়। ভারত সর্বদা প্রতিবেশী দেশগুলোর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলার চেষ্টা করে। অতীতে যা ঘটেছে, আমি আশা করব তার পুনরাবৃত্তি আর হবে না। সরকারের এই নতুন সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই।

রাজ্যের সংসদীয় ও পর্যটন মন্ত্রী শংকর ঘোষ জানিয়েছেন, তিনি এই পদক্ষেপকে স্বাগত জানাচ্ছেন। তার প্রত্যাশা, এই সিদ্ধান্তের ফলে পর্যটনসহ অন্যান্য শিল্প খাত বিশেষভাবে উপকৃত হবে।

অন্যদিকে, পূর্ব বর্ধমান জেলার জামালপুর বিধানসভা আসনের বিজেপি বিধায়ক অরুন হালদার বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যকার ঐতিহাসিক সম্পর্ককে অস্বীকার করার কোনো সুযোগ নেই। দুই দেশের মানুষেরই প্রচুর আত্মীয়-স্বজন সীমান্তের এপার-ওপারে বসবাস করেন। ভারত সরকারের নির্দেশনায় নতুন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশের মানুষের আবেগকে যথাযথ মর্যাদা দিয়েছেন। এতে উভয় দেশের মধ্যকার সম্পর্ক সুদৃঢ় হবে এবং পরিস্থিতির উন্নতি ঘটবে, যা উভয় দেশের জন্যই মঙ্গলজনক।

এদিকে, বাংলাদেশিদের জন্য পুনরায় ভারতীয় পর্যটন ভিসা চালু করায় কলকাতার নিউমার্কেট এবং পেট্রাপোল স্থলবন্দরের ব্যবসায়ীদের মধ্যেও খুশির আমেজ লক্ষ্য করা গেছে। ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সরকারের এই সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন।