সন্ধ্যা নামার পর রাজধানীজুড়ে শুরু হওয়া প্রবল বৃষ্টির কারণে বিভিন্ন সড়কে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে নগরীর প্রধান সড়কগুলোতে যান চলাচলের গতি কমে গিয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ফার্মগেট, কাওরান বাজার, বাংলামোটর, শাহবাগ, মগবাজার ও মৌচাকসহ আশপাশের এলাকায় রাতে তীব্র যানজট লক্ষ্য করা গেছে।
বৃষ্টির এই তাণ্ডবের মধ্যে ধানমন্ডি ১২/এ সড়কের আবাহনী মাঠ সংলগ্ন চার রাস্তার মোড়ে ফুটপাতের ওপর থাকা একটি গাছ উপড়ে পড়ার ঘটনা ঘটেছে। রাত পৌনে ৮টার দিকে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় সড়কে থাকা তিনটি প্রাইভেটকার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সৌভাগ্যবশত এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার পরপরই ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়।

