বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে চলমান তদন্তের মধ্যে চার সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করেছে স্থানীয় সরকার বিভাগ। তদন্ত কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত যেন তারা দেশত্যাগ করতে না পারেন, সেজন্য সংশ্লিষ্ট বিভাগ ও ইমিগ্রেশন কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
দেশত্যাগে নিষেধাজ্ঞা পাওয়া কর্মকর্তারা হলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যান্ত্রিক বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আনিসুর রহমান এবং একই সংস্থার সাবেক ও বর্তমানে বরিশাল সিটি করপোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ বোরহান উদ্দিন। তালিকায় আরও রয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) মোহাম্মদ শাহীন-উল ইসলাম চৌধুরী, যিনি ময়মনসিংহে বদলির আদেশপ্রাপ্ত, এবং একই সংস্থার নির্বাহী প্রকৌশলী (পুর-অতিরিক্ত দায়িত্ব) ফারজানা মুক্তা, যিনি রংপুরে বদলির আদেশপ্রাপ্ত।
স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে ২৬ জুলাই এই সংক্রান্ত একটি গোপনীয় চিঠি ইস্যু করা হয়। যুগ্ম সচিব মো. রবিউল ইসলামের স্বাক্ষরিত এই চিঠিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, পুলিশের বিশেষ শাখা ও ইমিগ্রেশন শাখার অতিরিক্ত মহাপরিদর্শক এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, গোপন সূত্রে জানা গেছে যে তদন্ত চলাকালে অভিযুক্তরা গোপনে দেশ ত্যাগ করতে পারেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সব ইমিগ্রেশন চেকপোস্টকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি অভিযুক্ত চার কর্মকর্তার নাম, পদবি, স্থায়ী ঠিকানা ও পাসপোর্টের অনুলিপিও চিঠিটির সঙ্গে সংযুক্ত করা হয়েছে।

