ইরানকে হয় সমঝোতা, নয়তো পুরোপুরি আত্মসমর্পণের বার্তা ট্রাম্পের

ইরানের প্রতি আগের চেয়েও কঠোর বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট করে বলেছেন যে, ইরানকে হয় একটি সমঝোতায় পৌঁছাতে হবে, নতুবা পুরোপুরি আত্মসমর্পণ করতে হবে। একই সঙ্গে তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অবরোধ বহাল রাখার বিষয়টিও পুনর্ব্যক্ত করেছেন তিনি।

সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের একটি প্রতিবেদনে জানানো হয়েছে, স্থানীয় সময় সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এসব কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি ঘোষণা করেন, যতদিন পর্যন্ত ইরান কোনো সমঝোতায় না আসছে, ততদিন দেশটির ওপর যুক্তরাষ্ট্রের সামরিক অবরোধ অব্যাহত থাকবে।

ইরানের বর্তমান অবস্থানের সমালোচনা করে ট্রাম্প আরও বলেন, দেশটি প্রকাশ্যে এবং গর্বের সঙ্গে দাবি করছে যে তারা কোনো আলোচনা করছে না। ট্রাম্পের ভাষ্যমতে, ‘ইরান তা স্বীকার করুক বা না-ই করুক, বাস্তবে আমরা এমন একটি সমস্যার সমাধান নিয়ে আলোচনা করছি, যা তারা গত কয়েক দশক ধরে তৈরি করেছে।’

কন্টেন্ট: সংগৃহীত