ইরানে আজ রাতে ফের বড় ধরনের হামলার হুমকি দিলেন ডনাল্ড ট্রাম্প

ইরানে আজ রাতে ফের জোরালো হামলার চালানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তুরস্কে চলমান ন্যাটো সম্মেলনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে যৌথভাবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। বুধবার (৮ জুলাই) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ট্রাম্প বলেন, আগের রাতে ইরানে মার্কিন বাহিনী খুবই শক্তভাবে আঘাত হেনেছে এবং প্রয়োজন হলে বুধবার রাতেও আবারও বড় ধরনের হামলা চালানো হবে।

ইরান প্রসঙ্গে ট্রাম্প বলেন, গত রাতে আমরা তাদের ওপর খুব শক্তভাবে হামলা চালিয়েছি এবং সম্ভবত আজ রাতেও আমরা তাদের ওপর আবারও জোরালো হামলা চালাব। তিনি জানান, এ বিষয়ে তিনি তাদের কিছুটা আগাম সতর্কবার্তাও দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্টের মতে, ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে। তিনি বলেন, আমার মনে হয় এটির সমাপ্তি হয়েছে। তাদের সঙ্গে চুক্তি করা মানে সময় অপচয় করা, তারা মিথ্যুক। ট্রাম্পের অভিযোগ, এরা দুষ্ট ও অসুস্থ লোক। এরা ক্যান্সারের মতো এবং শুরুতেই ক্যান্সারকে ছেঁটে ফেলতে হবে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে তিনটি তেল ট্যাংকারে হামলার জবাবে মঙ্গলবার ইরানের ওপর শক্তিশালী হামলা চালায় যুক্তরাষ্ট্র। এনিয়ে ইউএস সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, তারা ইরানের ওপর ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা করেছে। এর মধ্যে হরমুজ প্রণালিতে থাকা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি-এর ৬০টিরও বেশি ছোট নৌযানও রয়েছে।

যুক্তরাষ্ট্রের চালানো এই হামলার জেরে পাল্টা জবাব দিয়েছে ইরান। তেহরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস করপস (আইআরজিসি) জানিয়েছে, তাদের নৌ ও বিমানবাহিনী যৌথভাবে একটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযান পরিচালনা করেছে। এই অভিযানে তারা গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনার ৮৫টি স্থানে হামলা চালিয়েছে।