শিশুদের টাইফয়েড জ্বর থেকে দীর্ঘমেয়াদি সুরক্ষা দেওয়ার লক্ষ্যে দেশের নিয়মিত টিকাদান কর্মসূচিতে ‘টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি)’ যুক্ত করা হচ্ছে। আগামী ১ আগস্ট ২০২৬ থেকে এই নতুন কার্যক্রম শুরু হবে। সোমবার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।
ইপিআইয়ের নির্দেশনা অনুযায়ী, নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় থাকা ১৫ মাস বয়সী সব শিশুকে এই টিকা দেওয়া হবে। দেশের সকল স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এই টিকা পাওয়া যাবে। টিকাদানের নিয়ম অনুযায়ী, শিশুকে বাম ঊরুর মধ্যভাগের বহিরাংশে মাংসপেশিতে শূন্য দশমিক ৫ মিলি মাত্রার এক ডোজ টিকা প্রদান করা হবে। এছাড়া, টিকাদান সেশনে এমআর-২ টিকার সঙ্গে টিসিভি একসঙ্গে দেওয়ার সুযোগ থাকবে।
এই কার্যক্রমটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মাঠকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ১৫ মাস বয়সী শিশুদের তালিকা তৈরি করবেন এবং ‘VaxEPI’ অ্যাপের মাধ্যমে তাদের নিবন্ধন নিশ্চিত করবেন। পাশাপাশি, অভিভাবকদের সচেতন করতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম এবং অন্যান্য ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করে উঠান বৈঠক ও ব্যাপক প্রচারণামূলক কার্যক্রম চালানো হবে। দেশের শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত টিকাদান কর্মসূচিতে নতুন ও কার্যকর টিকা যুক্ত করার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

