তামিল অভিনেত্রী তৃষাকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা ও ডিএমকে নেতা উদয়নিধি স্টালিনকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ। মঙ্গলবার সকালে চেন্নাইয়ের নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়। এ ঘটনাকে ঘিরে রাজ্যের রাজনীতিতে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। পুলিশের হেফাজতে নেওয়ার সময় উদয়নিধি হাসিমুখে সাংবাদিকদের বলেন, ‘এই গ্রেপ্তারকে আমি একটি প্রহসন হিসেবে দেখছি। বিষয়টি আইনি লড়াইয়ের মাধ্যমে মোকাবিলা করব।’
ঘটনার সূত্রপাত সোমবার তাঞ্জাভুরে কাবেরী নদীর পানি বণ্টন ইস্যুতে আয়োজিত একটি বিক্ষোভ সমাবেশে। সেখানে বক্তব্য রাখার সময় উদয়নিধি স্টালিন মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়ের (অভিনেতা থালাপতি বিজয়) বিরুদ্ধে অভিযোগ তোলেন যে, কাবেরীর এক ফোঁটা পানিও তামিলনাড়ু পায়নি, অথচ মুখ্যমন্ত্রী এ বিষয়ে উদাসীন। বক্তৃতার এক পর্যায়ে জনতার মধ্য থেকে কেউ ‘তৃষা, তৃষা’ বলে স্লোগান দিলে উদয়নিধি থেমে যান এবং হাসিমুখে একটি দ্ব্যর্থবোধক ও আপত্তিকর মন্তব্য করেন। ওই মন্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
অভিনেতা বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগম (টিভিকে) অভিযোগ করে, উদয়নিধি প্রকাশ্য রাজনৈতিক মঞ্চ থেকে একজন নারীকে উদ্দেশ করে অশালীন ও দ্ব্যর্থবোধক মন্তব্য করেছেন, যা নারীদের প্রতি অবমাননাকর আচরণকে উৎসাহিত করে। দলটি ভারতের জাতীয় মহিলা কমিশনের কাছে অভিযোগ দায়ের করার পাশাপাশি পুলিশের কাছেও মামলা করেছে। টিভিকে নেতা আমেরিকাই নারায়ণন বলেন, ‘মুখ্যমন্ত্রী বিজয় বা টিভিকের বিরুদ্ধে কথা বলার জন্য নয়, একজন নারীকে অপমান করার কারণেই উদয়নিধিকে গ্রেপ্তার করা হয়েছে।’ তিনি কটাক্ষ করে বলেন, ‘উদয়নিধি নাম বদলে 'ভালগার-নিধি' রাখা উচিত।’
অন্যদিকে, উদয়নিধির দল ডিএমকে এই গ্রেপ্তারকে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করেছে। দলের নেতা টি.কে.এস. এলাঙ্গোভান বলেন, ‘তিনি কারও বিরুদ্ধে কিছু বলেননি। উদয়নিধি শুধু বিজয়ের রাজনৈতিক ব্যর্থতার কথা তুলে ধরেছেন। বক্তব্যে অপমানজনক কিছু ছিল না। তিনি তৃষার নামও নেননি।’ এর আগে তামিলনাড়ু বিজেপিও উদয়নিধির গ্রেপ্তার দাবি করেছিল। দলের প্রধান মুখপাত্র নারায়ণন তিরুপাথি মন্তব্য করেন, উদয়নিধির বক্তব্য ছিল ‘অশ্লীল, কুরুচিপূর্ণ ও লজ্জাজনক’ এবং তাকে গ্রেপ্তার করলে রাজ্যের সম্মান বাড়বে। উল্লেখ্য, এর আগেও অভিনেত্রী তৃষাকে নিয়ে বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্য করা হয়েছে, যার মধ্যে চলতি বছরের শুরুতে বিজেপি নেতা নাইনার নাগেন্দ্রনের মন্তব্যও অন্তর্ভুক্ত ছিল।

