বাংলাদেশের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতার নতুন প্রস্তাব যুক্তরাষ্ট্রের

বাংলাদেশের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা নতুন করে শুরু করার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রায় তিন দশক আগে নবায়ন হওয়া দুই দেশের বিদ্যমান সহযোগিতা চুক্তির মেয়াদ অনেক আগেই শেষ হয়ে যাওয়ায় ওয়াশিংটন এখন নতুন করে একটি আইনি কাঠামো তৈরির উদ্যোগ নিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের সদ্যসমাপ্ত তিন দিনের ঢাকা সফরকালে অনুষ্ঠিত বিভিন্ন বৈঠকে এই প্রস্তাবটি উত্থাপন করা হয়। দায়িত্বশীল একাধিক সূত্র নিশ্চিত করেছে যে, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠকের পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময়ও বিষয়টি নিয়ে আলোচনা করেছেন সার্জিও গর।

পররাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তাবিত এই এমওইউর বিষয়বস্তু আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এর মূল উদ্দেশ্য হলো দুই দেশের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা অব্যাহত রাখার জন্য একটি নতুন আইনি ভিত্তি স্থাপন করা। এই সহযোগিতার পরিধি বিস্তৃত হলেও তা কঠোরভাবে কেবল শান্তিপূর্ণ ও বেসামরিক ব্যবহারের মধ্যেই সীমাবদ্ধ থাকবে বলে জানানো হয়েছে।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র প্রথম ১৯৮১ সালে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি করেছিল। পরবর্তীতে ১৯৯১ সালে সেটি নবায়ন করা হলেও এরপর আর কোনো নবায়ন হয়নি। তাই বিদ্যমান অকার্যকর কাঠামোর পরিবর্তে নতুন এই এমওইউর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এটি মূলত বহু বছর ধরে অকার্যকর হয়ে থাকা সহযোগিতার কাঠামোকে পুনরায় কার্যকর করার একটি উদ্যোগ।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, এ ধরনের চুক্তি অংশীদার দেশগুলোর মধ্যে শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক প্রযুক্তি, যন্ত্রপাতি, গবেষণা-সংক্রান্ত তথ্য এবং প্রয়োজনীয় উপকরণ বিনিময়ের আইনি ভিত্তি তৈরি করে। তবে এই ধরনের সহযোগিতার ক্ষেত্রে পারমাণবিক অস্ত্র বিস্তাররোধ-সংক্রান্ত আন্তর্জাতিক বিধিবিধান কঠোরভাবে অনুসরণ করা বাধ্যতামূলক।

যুক্তরাষ্ট্রে এই ধরনের চুক্তি '১২৩ অ্যাগ্রিমেন্ট' হিসেবে পরিচিত, যা দেশটির অ্যাটমিক এনার্জি অ্যাক্টের ১২৩ নম্বর ধারার অধীনে সম্পাদিত হয়। মার্কিন জ্বালানি বিভাগের তথ্যমতে, ২০২৫ সালের ১১ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৫০টি দেশের সঙ্গে ২৬টি বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি কার্যকর রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত