চুয়াডাঙ্গায় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন শুরু, লক্ষ্যমাত্রা পৌনে দুই লাখ শিশু

চুয়াডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের কার্যক্রম শুরু হয়েছে। রবিবার সকাল ১০টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। এবারের আয়োজনে জেলার মোট এক লাখ ৪৫ হাজার ৮৪৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. আবু হেনা মোহাম্মদ কামাল, সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ এবং সিভিল সার্জন কার্যালয়ের এমওডিসি ডা. শামীমা ইয়াসমিন উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়েছে, লক্ষ্যমাত্রা অনুযায়ী ৬ থেকে ১১ মাস বয়সী ১৭ হাজার ৫৪১ জন শিশু এবং এক থেকে পাঁচ বছর বয়সী এক লাখ ২৮ হাজার ৩০৪ জন শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো হবে।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, চুয়াডাঙ্গা জেলায় মোট ৮৯৬টি আউটরিচ টিকাদান কেন্দ্রের মাধ্যমে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে এক হাজার ৮১২ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত রয়েছেন। এছাড়া কার্যক্রমটি তদারকি ও পরিচালনার দায়িত্বে থাকবেন ২৬৮ জন সরকারি-বেসরকারি কর্মী এবং ১১৮ জন প্রথম শ্রেণির তত্ত্বাবধায়ক।