জোহানেসবার্গে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আইসিসির আচরণবিধি লঙ্ঘনের দায়ে শাস্তি পেলেন বাংলাদেশের ব্যাটার তাওহীদ হৃদয়। আইসিসির খেলোয়াড় ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের আচরণবিধির লেভেল-১ পর্যায়ের ২.৮ অনুচ্ছেদ ভঙ্গের অভিযোগে তাকে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তার শৃঙ্খলাভঙ্গের রেকর্ডে দুটি ডিমেরিট পয়েন্ট যুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে আনা অভিযোগটি আচরণবিধির ২.৮ অনুচ্ছেদের আওতাভুক্ত। আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশের বিষয়টি এই অনুচ্ছেদে উল্লেখ রয়েছে।
ম্যাচ চলাকালীন আলোকস্বল্পতার কারণে আম্পায়াররা খেলা বন্ধের সিদ্ধান্ত নিলে হৃদয় অসন্তোষ প্রকাশ করেন। মাঠের দুই আম্পায়ার আহসান রাজা ও অ্যালেক্স ওয়ার্ফ ড্রেসিংরুমের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি খেলা বন্ধের সিদ্ধান্ত নিয়ে কথা বলেন। তার দাবি ছিল, আরও আগেই খেলা বন্ধ করা উচিত ছিল। তবে আম্পায়ারদের সঙ্গে তার কথোপকথনের ভঙ্গি ছিল অনভিপ্রেত ও আক্রমণাত্মক, যা আচরণবিধি পরিপন্থী।
অন-ফিল্ড আম্পায়ার আহসান রাজা ও অ্যালেক্স ওয়ার্ফ ছাড়াও তৃতীয় আম্পায়ার আসিফ ইয়াকুব এবং চতুর্থ আম্পায়ার লুবাবালো গুমা এই অভিযোগটি দায়ের করেন। তবে হৃদয় তার দোষ স্বীকার করে নেওয়ায় আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের প্রস্তাবিত শাস্তিই চূড়ান্ত করা হয় এবং আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। গত ২৪ মাসে এটি হৃদয়ের প্রথম অপরাধ। লেভেল-১ পর্যায়ের অপরাধের ক্ষেত্রে সর্বনিম্ন শাস্তি আনুষ্ঠানিক সতর্কবার্তা এবং সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা ও দুটি পর্যন্ত ডিমেরিট পয়েন্ট হতে পারে।
উল্লেখ্য যে, এই টেস্ট ম্যাচে বাংলাদেশ ৯ উইকেটে দক্ষিণ আফ্রিকার কাছে পরাজিত হয়েছে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট আগামী ২৩শে নভেম্বর সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত হবে।

