রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোর আমূল পরিবর্তন ছাড়া জুলাই গণঅভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ফ্রান্সের প্যারিসে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স ফ্রান্স শাখার আয়োজনে ‘রিমেম্বারিং জুলাই হিরোজ’ শীর্ষক এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, জুলাইয়ের আন্দোলনে দেশের মানুষ কেবল সরকার পরিবর্তনের স্বপ্ন দেখেনি, বরং তারা চেয়েছিল রাষ্ট্র ও অর্থনীতির মৌলিক সংস্কার। তিনি অভিযোগ করেন, ফ্যাসিবাদী আমলের ধারাবাহিকতা বজায় রেখে বর্তমানেও দেশের অর্থনীতিকে নির্দিষ্ট কিছু ব্যক্তি ও গোষ্ঠীর হাতে তুলে দেওয়া হচ্ছে। জাতি পুনর্গঠনের যে লক্ষ্য নিয়ে মানুষ রাজপথে নেমেছিল, তা এখনো অর্জিত হয়নি বলে তিনি উল্লেখ করেন।
প্রবাসীদের ভোটাধিকারের বিষয়ে গুরুত্বারোপ করে নাহিদ বলেন, জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় নির্বাচনেও প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করা জরুরি। তিনি দাবি করেন, গত নির্বাচনে প্রবাসীরা বিপুল সংখ্যায় ১১ দলীয় জোটকে সমর্থন দেওয়ায় বর্তমান বিএনপি সরকার প্রবাসীদের ভয় পাচ্ছে এবং গণভোটের রায়কে অস্বীকার করছে, যা সরকারের প্রতি জনআস্থার সংকট তৈরি করেছে।
প্যারিসের দশম অ্যারোন্ডিসমেন্টের একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স ফ্রান্স শাখার আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ইফতেশাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তাওহিদা বেগম এবং স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত সদস্যসচিব কাউসার আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশি নাগরিক পরিষদ ফ্রান্স শাখার সভাপতি আবুল খায়ের লস্কর এবং এনসিপি গ্লোবাল ডায়াসপোরা অ্যালায়েন্সের দায়িত্বপ্রাপ্ত আলাউদ্দিন মোহাম্মদ। এছাড়া জুলাই আন্দোলনের শহীদ সৈকতের বোন সাবরিনা আফরোজ সাবন্তি এবং গুম ও ‘আয়নাঘর’-এর ভুক্তভোগী মসরুর আনোয়ার চৌধুরী ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন।
এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স ফ্রান্স শাখার যুগ্ম আহ্বায়ক মনোয়ার পাটোয়ারী হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না হলে জনগণ জুলাইয়ের অসমাপ্ত বিপ্লব সম্পন্ন করতে বাধ্য হবে।
সভাপতির বক্তব্যে চৌধুরী মোহাম্মদ ইফতেশাম বলেন, এক কোটি প্রবাসী বাংলাদেশের ১৮ কোটি মানুষের প্রতিনিধি হিসেবে দেশের প্রতি দায়বদ্ধ। জুলাই আন্দোলন দেশ ও দেশের মানুষের জন্য কাজ করার ক্ষেত্রে বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করছে।
অনুষ্ঠানে ফ্রান্সের বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, যাদের মধ্যে ডা. মাজহারুল তালুকদার, মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, ইমাদ উদ্দিন, সাকিব হোসেন ইবন, ব্যবসায়ী শহিদুল ইসলাম, অ্যাক্টিভিস্ট খালেদ মাহমুদ, সাকিব সিদ্দিকী, ওয়াদুদ তানভীর, আবু হুরাইরা, আবদুল্লাহ আফ্রিদ এবং ইকরামুল কবির সালমান উল্লেখযোগ্য।

