সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২৫ জনে।
সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু না হলেও, হামের উপসর্গ নিয়ে পাঁচজন মারা গেছেন। একই সময়ে নতুন করে ১ হাজার ১০৫ জন রোগী শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৭৩০ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৫ শিশু। সব মিলিয়ে এই সময়ে মোট ৮২৫ শিশুর মৃত্যু হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ২৪ হাজার ৭৪৫ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১৫ হাজার ৫৫৫ জন। এখন পর্যন্ত মোট ১ লাখ ৭ হাজার ৬৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে ১ লাখ ৩ হাজার ৪৬৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
