ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে সংগীতাঙ্গনে যাত্রা শুরু করেন মৌসুমী আক্তার সালমা। ক্যারিয়ারের দীর্ঘ পথচলায় বহু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। তবে মাসখানেক আগে নিজের বাবার মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এ শিল্পী। বাবার হাত ধরেই তার গানের হাতেখড়ি হয়েছিল। শোকের কারণে কিছুদিন গান ও সব ধরণের কাজ থেকে বিরতি নিয়েছিলেন তিনি।
সেই বিরতি কাটিয়ে ফের চেনা ছন্দে ফিরেছেন সালমা। বর্তমানে ঢাকা ও ঢাকার বাইরের স্টেজ শোগুলোতে নিয়মিত অংশ নিচ্ছেন এই গায়িকা। মঞ্চের ব্যস্ততার পাশাপাশি নতুন গানেও নিজের সরব উপস্থিতি জানান দিচ্ছেন। সাম্প্রতিক সময়ে প্রায় হাফ ডজন নতুন গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এর মধ্যে মুনসুর সানির কথা ও সুরে ‘মায়ার সুতোয়’ শিরোনামের একটি গান ইতিমধ্যে প্রকাশ পেয়েছে, যার সংগীতায়োজন করেছেন আহমেদ সজীব।
নতুন গান প্রসঙ্গে সালমা বলেন, বাবার মৃত্যুর পর কাজের মধ্যে বিরতি নিয়েছিলাম। এখন পুনরায় কাজ শুরু করেছি। হাফ ডজন নতুন গানে কণ্ঠ দিয়েছি, যা একে একে প্রকাশ করা হবে। আমার বিশ্বাস, শ্রোতাদের গানগুলো ভালো লাগবে। বর্তমানে তিনি রোহান রাজ, হাফিজ বাউলা, গোলাম মোর্শেদ, ভবসিন্ধু এবং বাউল আশরাফের সুর ও সংগীতায়োজনে নতুন কিছু গানের কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

