পাকিস্তানি নাটকের গল্পের হুবহু নকলের অভিযোগে নিলয়-হিমির নাটক

তানভীর তন্ময় পরিচালিত বাংলাদেশি নাটক ‘প্রথম প্রেমের গল্প’ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র বিতর্ক শুরু হয়েছে। নাটকের প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। ইউটিউবে নাটকটির দুটি পর্ব প্রকাশের পরপরই দর্শকদের বড় একটি অংশ অভিযোগ তুলেছেন যে, এর গল্প পাকিস্তানি ধারাবাহিক ‘শেইদাই’ থেকে হুবহু নকল করা হয়েছে।

দর্শকদের অভিযোগ, বিদেশি নাটকের কাহিনি অবিকল ব্যবহার করা হলেও নাটকের কোথাও মূল রচয়িতা বা চিত্রনাট্যকারের নাম উল্লেখ করা হয়নি। ইউটিউবের শিল্পী-কুশলী তালিকা কিংবা নাটকের পোস্টারেও কোনো লেখকের নাম পাওয়া যায়নি। নিলয়-হিমি ছাড়াও এতে অভিনয় করেছেন ফারিন খানসহ আরও অনেকে। নাটকটির এই কপি করার বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। নেটিজেনদের মতে, জনপ্রিয় শিল্পীদের কাছে দর্শক বরাবরই মৌলিক কাজের প্রত্যাশা করেন। এ ধরনের অনুকরণ দেশীয় নাটকের স্বকীয়তা নষ্ট করছে বলেও মনে করছেন তারা।