পাকিস্তান ত্রিদেশীয় সিরিজ থেকে বাদ পড়লেন চারিথ আসালাঙ্কা

পাকিস্তানের মাটিতে আসন্ন ওয়ানডে ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। সাম্প্রতিক ইংল্যান্ড সফরে ওয়ানডে সিরিজে ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়ায় দল থেকে বাদ পড়েছেন সাবেক অধিনায়ক চারিথ আসালাঙ্কা। ৮৮টি ওয়ানডে ম্যাচে ৪০.৫৫ গড়ে রান করা আসালাঙ্কা ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ১, ১১ ও ৭ রানের বেশি করতে পারেননি। এর আগে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকেও বাদ পড়েছেন এই ব্যাটার। ইংল্যান্ড সফরে কুশল মেন্ডিসের ইনজুরির সময় তিনি দলের নেতৃত্ব দিয়েছিলেন।

ইংল্যান্ড সফরে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়া ওয়ানিন্দু হাসারাঙ্গাও এই দলে জায়গা পাননি। আসালাঙ্কা ও হাসারাঙ্গার জায়গায় দলে ফিরেছেন ব্যাটার আভিষ্কা ফার্নান্দো ও অলরাউন্ডার সাহান আরাচিগে। আভিষ্কা ফার্নান্দো সর্বশেষ মেজর ক্লাব লিস্ট-এ টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে ছিলেন। সেখানে ৭ ইনিংসে ৬৩.৮৫ গড়ে তিনি মোট ৪৪৭ রান করেছেন। ইংল্যান্ড সিরিজে পরাজিত হওয়া মূল স্কোয়াডের বাকি সদস্যরা এই দলে অপরিবর্তিত রয়েছেন।

দলের ফিটনেস নিয়ে কিছুটা দুশ্চিন্তা এখনো রয়ে গেছে। শ্রীলঙ্কা ক্রিকেট জানিয়েছে, পাথুম নিসাঙ্কা ও দুশমন্থা চামেরা ফিটনেস সমস্যার মধ্যে আছেন। নিসাঙ্কাকে দলের সাথে তখনই পাকিস্তান পাঠানো হবে যদি তিনি পুরোপুরি “medically fit” বা ডাক্তারি পরীক্ষায় সুস্থ ঘোষিত হন। টি-টোয়েন্টি স্কোয়াডেও চামেরার অন্তর্ভুক্তি ছিল ফিটনেস ছাড়পত্রের শর্তসাপেক্ষ।

আগামী ১৮ অক্টোবর রাওয়ালপিন্ডিতে পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজটি শুরু হবে। রাওয়ালপিন্ডিতে প্রথম রাউন্ডের খেলা শেষ হওয়ার পর দলগুলো দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলতে লাহোরে পাড়ি জমাবে। সবশেষে ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে এই সিরিজের ফাইনাল ম্যাচ। সিরিজটিতে স্বাগতিক পাকিস্তান ও শ্রীলঙ্কার সাথে ইংল্যান্ডও অংশগ্রহণ করছে।