মাঠের ক্রিকেটে ফিরছেন মোহাম্মদ রিজওয়ান

অনলাইন বেটিং ও জুয়া-সংক্রান্ত অভিযোগের তদন্তের মুখে থাকা পাকিস্তানি উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান অবশেষে মাঠের ক্রিকেটে ফেরার অনুমতি পেয়েছেন। ১৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া প্রেসিডেন্টস ট্রফি গ্রেড-১-এর শেষ রাউন্ডে সুই নর্দার্ন গ্যাস পাইপলাইনস লিমিটেডের (এসএনজিপিএল) অধিনায়ক হিসেবে খেলবেন তিনি। এছাড়া ইএসপিএন ক্রিকইনফোর তথ্যমতে, কায়েদ-এ-আজম ট্রফিতে পেশোয়ারের হয়েও তাকে খেলতে দেখা যাবে।

গত মাসের মাঝামাঝিতে ইংল্যান্ড সফর শেষ হওয়ার পর থেকেই রিজওয়ানের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি (এনসিসিআইএ)। এ সময় তার আর্থিক লেনদেন ও ব্যক্তিগত মোবাইল ফোনের তথ্যও পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। রিজওয়ানকে খেলার অনুমতি দেওয়া হলেও তদন্তের আনুষ্ঠানিক সমাপ্তি বা তার নির্দোষ হওয়ার বিষয়ে কোনো চূড়ান্ত তথ্য এখনো প্রকাশ্যে আসেনি।

এর আগে ইংল্যান্ড সফর থেকে মাঝপথে পাকিস্তান টেস্ট দল থেকে বাদ পড়ার পর রিজওয়ান এসএনজিপিএলের সঙ্গে যুক্ত হয়েছিলেন। তখন পিসিবি সূত্রে তার ফিটনেস টেস্টে ব্যর্থতার কথা জানানো হলেও পরবর্তীতে জানা যায়, মূলত এনসিসিআইএ-এর নির্দেশেই তাকে খেলার সুযোগ দেওয়া হয়নি। ইংল্যান্ড সফরের পর থেকে এখন পর্যন্ত তাকে একাধিকবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। একই তদন্তের মুখে পড়েছেন ক্রিকেটার ইমাম-উল-হকও, তবে তিনিও এখন পর্যন্ত প্রেসিডেন্টস ট্রফিতে খেলার ছাড়পত্র পাননি।

এই জটিল পরিস্থিতিতে রিজওয়ান এনসিসিআইএ-এর কর্মকাণ্ডকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আইনি লড়াইয়ের পাশাপাশি মাঠের খেলায় ফেরা এসএনজিপিএলের জন্য স্বস্তির খবর। উইকেটের পেছনে দক্ষতা, চাপের মুখে ব্যাটিং করার সক্ষমতা এবং নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতার কারণে রিজওয়ানের উপস্থিতি দলের আত্মবিশ্বাস উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলবে বলে আশা করা হচ্ছে।