বাংলাদেশ থেকে মোট ১০ হাজার কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে ওমান। এর মধ্যে পাঁচ হাজার কৃষক ও পাঁচ হাজার মৎস্যজীবী নিয়োগের বিষয়টি চূড়ান্ত করতে আগামী মাসে ওমান সরকারের একটি প্রতিনিধিদল ঢাকা সফর করবে। বুধবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী জানান, বিগত সরকারের আমলে বন্ধ হয়ে যাওয়া ওমানের ভিসা পুনরায় চালুর লক্ষ্যে সরকার জোর কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে। একইসঙ্গে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের ভিসা অটো-ক্যান্সেলেশনজনিত সমস্যা সমাধানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
ব্রিফিংয়ে ইতালিতে শিল্পী বাঁধনের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে শামা ওবায়েদ বলেন, মিলান কনস্যুলেট ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা এরইমধ্যে ভুক্তভোগী শিল্পীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি আরও জানান, মামলা দায়েরসহ ইতালিতে অবস্থানকালীন ওই শিল্পীকে সব ধরনের আইনি ও প্রশাসনিক সহযোগিতা প্রদান করা হচ্ছে। এছাড়া ব্রিকস সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ বা প্রধানমন্ত্রীর সফর প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, এ বিষয়ে এখন পর্যন্ত তার কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই।

