শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন তারেক রহমান

চব্বিশের গণঅভ্যুত্থানে লালমনিরহাটে শহীদ হওয়া জুবায়ের হোসেনের বোন জেসমিন আকতারের চিকিৎসার বর্তমান অবস্থার খোঁজ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। জেসমিনের অস্ত্রোপচার-পরবর্তী শারীরিক পরিস্থিতি সম্পর্কে জানতে তারেক রহমান এই সহমর্মিতার বার্তা পাঠান। এই বার্তা নিয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে যান ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন। সেখানে দায়িত্বরত চিকিৎসকরা জেসমিনের চিকিৎসার সার্বিক তথ্য প্রদান করেন এবং তার শারীরিক অবস্থার উন্নতির বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য, গত ৫ই আগস্ট লালমনিরহাটে গণঅভ্যুত্থানে শহীদ হন জুবায়ের। দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জেসমিন আকতার ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসার খোঁজ নেওয়ার সময় সেখানে আরও উপস্থিত ছিলেন নিউরো অ্যানেসথেশিয়া বিভাগের প্রধান অধ্যাপক ডা. এ জেড এম সাইফুদ্দিন বাবু এবং ড্যাবের আইনবিষয়ক সম্পাদক ডা. এম আর হাসান। এছাড়া জুলাই শহীদ সোসাইটির চেয়ারম্যান ও শহীদ নাফিজের পিতা গোলাম রহমান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ শাকিল, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান এবং শেকৃবি ছাত্রদল নেতা মোরসালিন অনিক উপস্থিত ছিলেন।