নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম শনিবার (৫ সেপ্টেম্বর) এক সরকারি সফরে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। এই সফরকালে তিনি সৌদি সশস্ত্র বাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ, রয়েল সৌদি নেভাল ফোর্সের প্রধান এবং মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স কোয়ালিশন কমান্ডারের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।
সফরসূচি অনুযায়ী, তিনি সৌদি আরবের বিভিন্ন সামরিক ও নৌ স্থাপনা পরিদর্শন করবেন। পাশাপাশি দুই দেশের নৌবাহিনীর মধ্যে পেশাগত সম্পর্ক উন্নয়ন, প্রশিক্ষণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন। আশা করা হচ্ছে, এই উচ্চপর্যায়ের সফর বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার বিদ্যমান ভ্রাতৃপ্রতিম সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রকে আরও সুদৃঢ় ও বিস্তৃত করবে।

