ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: নিউইয়র্ক সিটির মেয়র মামদানি

২০২৬ বিশ্বকাপ: ফ্রান্সকে হারিয়ে মরক্কো জিতবে, ভবিষ্যদ্বাণী নিউইয়র্ক সিটির মেয়র মামদানির

আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপ নিয়ে এক চমকপ্রদ ভবিষ্যদ্বাণী করেছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তার মতে, এবারের বিশ্বকাপ শিরোপা কোনো ইউরোপীয় বা দক্ষিণ আমেরিকান দেশ নয়, বরং আফ্রিকার একটি দেশ—মরক্কো জিতবে। এই অপ্রত্যাশিত পূর্বাভাস ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মামদানি বিশ্বকাপের সম্ভাব্য ফলাফল নিয়ে নিজের ধারণা প্রকাশ করেন। তিনি জানান, ফাইনালে মরক্কো শক্তিশালী ফ্রান্সকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করবে এবং প্রথমবারের মতো কোনো আফ্রিকান দল হিসেবে বিশ্বকাপ শিরোপা ঘরে তুলবে।

তবে তিনি স্বীকার করেছেন যে, টুর্নামেন্ট নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করার জন্য তার হাতে খুব বেশি সময় ছিল না। তবুও ফুটবলের প্রতি তার গভীর ভালোবাসা থেকে তিনি নিজের ‘হৃদয়ের টান ও অনুমানের’ উপর ভিত্তি করে এই ভবিষ্যদ্বাণী করেছেন বলে উল্লেখ করেন।

মামদানির মতে, এবারের টুর্নামেন্টে বেশ কিছু অপ্রত্যাশিত ফলাফল দেখা যেতে পারে। তার দাবি অনুযায়ী, হাইতি শেষ ষোলোতে জায়গা করে নেবে, তবে ব্রাজিল শেষ ৩২-এর পর্বে জাপানের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। একইসঙ্গে তিনি মনে করেন, যুক্তরাষ্ট্র কোয়ার্টার ফাইনালে উঠলেও ইংল্যান্ডের কাছে পরাজিত হয়ে ছিটকে পড়বে।

মরক্কোকে নিয়ে তার প্রত্যাশা অনেক বেশি। তিনি মনে করেন, দলটি ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশে অবস্থান করলেও এবার আরও বড় সাফল্য অর্জন করবে। তার দৃঢ় বিশ্বাস, মরক্কো প্রথমবারের মতো ফাইনালে পৌঁছে ফ্রান্সকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হবে।

উগান্ডায় জন্ম নেওয়া মামদানি তার ফুটবলপ্রেমের পেছনের কাহিনীও বর্ণনা করেন। তিনি জানান, ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ দেখতে গিয়ে তার ফুটবলের প্রতি গভীর আগ্রহ জন্মে। সেবার ঘানার সমর্থক হিসেবে তিনি মাঠে উপস্থিত ছিলেন এবং উরুগুয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের নাটকীয় হারের পর আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন বলেও স্মরণ করেন।

ঘানার পারফরম্যান্স নিয়েও ভবিষ্যদ্বাণী করেছেন নিউইয়র্ক সিটির এই মেয়র। তিনি মনে করেন, দলটি গ্রুপ পর্ব পেরিয়ে নকআউটে উঠলেও শেষ ৩২-এর ম্যাচে কলম্বিয়ার কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেবে।

মরক্কোর সাম্প্রতিক সাফল্যের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, চার বছর আগে কাতার বিশ্বকাপে আফ্রিকার প্রথম দল হিসেবে সেমিফাইনালে পৌঁছানোই তাদের সক্ষমতার প্রমাণ। এবার তারা সেই অর্জনকেও ছাড়িয়ে যেতে পারে বলে তিনি মনে করেন।

২০২৬ বিশ্বকাপে মরক্কোর প্রথম ম্যাচ ১৩ জুন, নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ব্রাজিলের বিপক্ষে অনুষ্ঠিত হবে। এই ম্যাচকে ঘিরে বিশ্বজুড়ে উত্তেজনা ক্রমশ বাড়ছে।

মামদানি আরও জানান, যুক্তরাষ্ট্রের টিকিট নীতিমালা নিয়েও তিনি কাজ করেছেন, যাতে সাধারণ দর্শকরা তুলনামূলক সাশ্রয়ী মূল্যে ম্যাচ দেখতে পারেন। তার মতে, বিশ্বকাপ কেবল একটি খেলা নয়, বরং মানুষের অংশগ্রহণ ও উৎসবের এক বিশাল সুযোগ।

সব মিলিয়ে ফুটবলপ্রেমী এই মার্কিন মেয়রের ভবিষ্যদ্বাণী ঘিরে ইতোমধ্যে সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়েছে। যদিও অনেকেই এটিকে নিছক কল্পনা বলছেন, তবুও আফ্রিকান ফুটবলের সম্ভাবনা নিয়ে তার এই মন্তব্য নতুন করে কৌতূহল সৃষ্টি করেছে।