সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়েই রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দেশের সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়েই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার (২৭ জুলাই) সকালে রংপুর বাস টার্মিনাল এলাকায় বিআরডিবির বিভাগীয় কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি পদে মনোনয়ন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থী নির্বাচন করা হবে। দল যাকে সবচেয়ে দক্ষ, যোগ্য এবং দায়িত্বশীল মনে করবে, তাকেই এই পদের জন্য মনোনয়ন দেওয়া হবে। এ বিষয়ে ব্যক্তিগত কোনো মন্তব্য নেই বলে তিনি উল্লেখ করেন।

বিএনপিকে ফ্যাসিবাদী দল হিসেবে আখ্যায়িত করার সমালোচনা করে তিনি বলেন, বিএনপি অতীতে পাঁচবার জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে। জনগণের ম্যান্ডেট নিয়েই দলটি রাষ্ট্র পরিচালনা করেছে, কোনো ধরনের জুলুম বা ফ্যাসিবাদী কায়দায় ক্ষমতায় আসেনি। যারা বিএনপিকে ফ্যাসিবাদী বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে এবং এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য। বিএনপি একটি গণতান্ত্রিক দল বলেও তিনি দাবি করেন।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ এবং বেসরকারি চাকরিজীবীদের প্রার্থী হওয়ার বিষয়ে নির্বাচন কমিশন নিজস্ব পরিকল্পনা করছে। এটি কমিশনের নিজস্ব বিষয় এবং এতে বিএনপি কোনো ধরনের হস্তক্ষেপ করছে না।

এ সময় বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহিদুল ইসলাম, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু এবং জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মন্ত্রী রংপুর পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে পল্লীমেলার উদ্বোধন করেন এবং বিআরডিবি’র সুফলভোগীদের মাঝে গাছের চারা ও ঋণের চেক বিতরণ করেন।