টুঙ্গিপাড়ায় জুলাই গণঅভ্যুত্থানের স্মারক তোরণে অগ্নিসংযোগ, তদন্তে পুলিশ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জুলাই গণঅভ্যুত্থানের শহিদ ও আহত যোদ্ধাদের স্মরণে নির্মিত একটি তোরণে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। স্থানীয়দের ভাষ্যমতে, শনিবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে অজ্ঞাতপরিচয় কিছু ব্যক্তি তোরণটিতে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে তোরণটির একাংশ পুড়ে যায়, বিশেষ করে টুঙ্গিপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক গোলাম সাগর এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক ইয়েন মুন্সীর নাম ও ছবিসংবলিত অংশটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

টুঙ্গিপাড়া পৌর ছাত্রদলের আহ্বায়ক ইয়েন মুন্সী জানান, শনিবার দুপুরে পৌর স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে টুঙ্গিপাড়া শিশু পার্কের সামনে তোরণটি নির্মাণ করা হয়েছিল। তোরণটি নির্মাণের কয়েক ঘণ্টার মধ্যেই রাতে এই নাশকতামূলক ঘটনা ঘটে। ইয়েন মুন্সী আরও জানান, তোরণটি তৈরির পর তিনি এবং তার সঙ্গীরা গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এসএম জিলানীর সঙ্গে কোটালীপাড়ায় একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। পরে রাতে তারা এই অগ্নিসংযোগের খবর পান। তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ঘটনার খবর পেয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানিয়েছেন, কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জুলাই গণঅভ্যুত্থানের শহিদ ও আহত যোদ্ধাদের স্মরণে নির্মিত ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।

কন্টেন্ট: সংগৃহীত