নরসিংদীর রায়পুরায় বাড়িতে ঢুকে গুলি করে মোমেন মিয়াকে হত্যা

নরসিংদীর রায়পুরায় পূর্ব বিরোধের জের ধরে বাড়িতে ঢুকে মোমেন মিয়া নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। আজ রোববার সকালে উপজেলার চাঁনপুর ইউনিয়নের সদাগরকান্দি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় মোমেন মিয়াসহ আরও তিনজন আহত হয়েছেন। নিহত মোমেন মিয়া (৫৫) ওই গ্রামের প্রয়াত ধন মিয়ার ছেলে।

হামলায় আহতরা হলেন প্রয়াত খালেক মিয়ার ছেলে মোবারক (৬৫), শহীদ মিয়ার ছেলে নাজমুল হোসেন (৩০) ও কুদ্দুস মিয়ার ছেলে রুহুল আমিন (৩৭)। আহত অবস্থায় তাদের উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতের স্বজন ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ফরিদ গ্রুপ ও মোমেন চেয়ারম্যান গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। স্থানীয় সংসদ সদস্য এর আগেও দুই পক্ষের বিরোধ মিমাংসার উদ্যোগ নিয়েছিলেন, তবে পরবর্তীতে আবারও তাদের মধ্যে সংঘাতের সৃষ্টি হয়। এরই জেরে রোববার সকালে ফরিদ গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মোমেনের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় মোমেন মিয়াকে লক্ষ্য করে মাথায় ও পায়ে গুলি করা হয়। পরে তাকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বিনিতা জানান, রক্তাক্ত অবস্থায় মোমেন মিয়াকে হাসপাতালে আনা হলে তার পালস ও প্রেসার পাওয়া যাচ্ছিল না। ধারণা করা হচ্ছে, হাসপাতালে আনার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, চাঁনপুরের সওদাগরকান্দি এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোমেন মিয়া গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত