সৌদি আরবের সাথে কৌশলগত সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে রিয়াদের নেতৃত্বাধীন বহুজাতিক মেরিটাইম জোটে বাংলাদেশ অংশগ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। রোববার সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, মূলত ইয়েমেনের ইরান সমর্থিত হুতিদের কর্মকাণ্ড প্রতিহত করার লক্ষ্যেই এই সামুদ্রিক প্রতিরক্ষা জোটে যোগ দিয়েছে বাংলাদেশ।
উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, সৌদি আরবের সাথে বাংলাদেশের সম্পর্ক কেবল হজ বা ওমরাহর মধ্যে সীমাবদ্ধ নয়। ঢাকা ও রিয়াদের সম্পর্ককে কৌশলগত ও মজবুত করতে চায় সরকার। তিনি আরও উল্লেখ করেন, মক্কা-মদিনার পবিত্র মসজিদের রক্ষক হিসেবে সৌদি আরবের সাথে বাংলাদেশের একটি বিশেষ সম্পর্ক রয়েছে। ফলে বিশ্বের অন্যতম বৃহৎ মুসলিম দেশ হিসেবে নিরাপত্তা ইস্যুতে যেকোনো সময় সৌদি আরব সহায়তা চাইলে বাংলাদেশ নৈতিক ও আদর্শিক জায়গা থেকে সাড়া দেবে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বাব আল-মান্দেব প্রণালি, লোহিত সাগর ও এডেন উপসাগরের নিরাপত্তা নিশ্চিত করতে এই জোট গঠন করা হয়েছে, যা আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ এই জোটের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। তবে এই জোটে বাংলাদেশের অংশগ্রহণ ঠিক কী ধরনের হবে বা সৈন্য পাঠানো হবে কি না—এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, হুতিদের মোকাবিলায় যে ধরনের সহায়তার প্রয়োজন হবে, বাংলাদেশের সক্ষমতা অনুযায়ী তা প্রদান করা হবে। তিনি আরও পরিষ্কার করেন যে, এই জোটের উদ্দেশ্য হুতিদের চ্যালেঞ্জ মোকাবিলা করা, ইরানকে আক্রমণ করা নয় এবং এ বিষয়ে ইরানের সাথেও বাংলাদেশের আলাপ-আলোচনা চলছে।

