কিশোরগঞ্জের কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় ভৈরব হাইওয়ে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। নিহত পুলিশ সদস্যের নাম পারভেজ মিয়া (৩০)। সোমবার (৩ আগস্ট) রাত ১২টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভৈরব হাইওয়ে পুলিশের একটি দল একটি সিএনজি অটোরিকশা দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকাজে যাওয়ার জন্য রওনা হয়েছিল। পথে দাড়িয়াকান্দি এলাকায় পৌঁছালে হাইওয়ে পুলিশের পিকআপ ভ্যানটির একটি চাকার বাতাস কম থাকায় চালক গাড়িটি সড়কের পাশে থামিয়ে চাকার বাতাস দিচ্ছিলেন।
এ সময় পেছন দিক থেকে ধানের খোসাবোঝাই একটি মালবাহী ট্রাক দ্রুত গতিতে আসার সময় একটি সিএনজি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এক পর্যায়ে ট্রাকটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা হাইওয়ে পুলিশের পিকআপ ভ্যানের ওপর উল্টে পড়ে। এতে পিকআপের ভেতরে থাকা কনস্টেবল পারভেজ মিয়া ট্রাকের নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে স্থানীয় বাসিন্দা ও পুলিশ সদস্যদের সহায়তায় উদ্ধার অভিযান চালিয়ে ট্রাকের নিচ থেকে কনস্টেবল পারভেজ মিয়ার মরদেহ উদ্ধার করা হয়। ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় পিকআপ ভ্যানের চাকায় বাতাস দেওয়ার সময় পেছন থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের ওপর উল্টে পড়লে কনস্টেবল পারভেজ মিয়া চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

