লাউয়াছড়ায় বিরল প্রজাতির ‘উল্টোলেজি’ বানরের দেখা মিলল

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অবস্থিত লাউয়াছড়া জাতীয় উদ্যানে দেখা মিলেছে বিরল প্রজাতির ‘উল্টোলেজি’ বানরের। গত মঙ্গলবার (৪ আগস্ট) সকালে উদ্যানের ভেতরে শান্ত পরিবেশে কয়েকটি বানরকে স্বাভাবিকভাবে চলাফেরা করতে দেখা যায়। বনের নিরিবিলি পরিবেশে এই বিরল বন্যপ্রাণীগুলোর বিচরণ পর্যটক ও প্রকৃতিপ্রেমীদের দারুণভাবে আকৃষ্ট করেছে।

এই উল্টোলেজি বানরকে ইংরেজিতে ‘Northern pig-tailed macaque’ বলা হয়। স্থানীয়ভাবে এটি কেশরওয়ালা সিংহ বানর, কুলু বান্দর, ছোট লেজি বানর ও উলু বান্দর নামেও পরিচিত। সাধারণত এরা গভীর বনে ২০ থেকে ২৫টি সদস্যের দল বেঁধে বাস করে, যার মধ্যে পুরুষ, স্ত্রী ও বাচ্চা বানর থাকে। এদের গায়ের রং হালকা সোনালি থেকে বাদামি রঙের হয়ে থাকে। এই প্রজাতির বানরের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো এদের লেজটি শূকরের লেজের মতো পিঠের দিকে বাঁকানো থাকে। এদের প্রধান খাদ্য তালিকায় রয়েছে বিভিন্ন ধরনের ফলমূল ও গাছের কচিপাতা।

লাউয়াছড়া জাতীয় উদ্যান ছাড়াও বাংলাদেশের হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যান এবং রেমা-কালেঙ্গা বন্য প্রাণী অভয়ারণ্যে এই প্রজাতির বানরের দেখা পাওয়া যায়। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) এই উল্টোলেজি বানরকে ‘সংকটাপন্ন’ প্রজাতির প্রাণী হিসেবে তালিকাভুক্ত করেছে। এছাড়া বাংলাদেশের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী এটি একটি সংরক্ষিত প্রাণী।

উদ্যানের ভেতর দিয়ে চলে যাওয়া আখাউড়া–সিলেট রেলপথের পাশে প্রায়শই এই বানরগুলোর আনাগোনা দেখা যায়। তবে এই রেলপথটি বনের বন্যপ্রাণীদের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে, কারণ প্রায়ই ট্রেন চলাচলের সময় বিভিন্ন বন্যপ্রাণী কাটা পড়ে প্রাণ হারায়। প্রতিদিন দেশ-বিদেশের শত শত পর্যটক দেশের অন্যতম জনপ্রিয় এই পর্যটনকেন্দ্র লাউয়াছড়া ভ্রমণে আসেন। বনের এই সমৃদ্ধ জীববৈচিত্র্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় নিদর্শন হিসেবে বিবেচনা করা হয় বিরল এই উল্টোলেজি বানরের উপস্থিতিকে।

কন্টেন্ট: সংগৃহীত