সিরাজগঞ্জে সিল্কসিটি এক্সপ্রেস লাইনচ্যুত: ৫ সদস্যের তদন্ত কমিটি

সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. মোশারেফ হোসেন ভূঁঞা এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে ট্রেনটি স্টেশন এলাকায় লাইনচ্যুত হয়। এই দুর্ঘটনার ফলে রাজধানীর সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

তদন্ত কমিটির বিষয়ে মো. মোশারেফ হোসেন ভূঁঞা জানান, পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে আহ্বায়ক করে এই পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন বিভাগীয় প্রকৌশলী-২ নাজিব কায়সার, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) শেখ আসিফ আহমেদ, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ অ্যান্ড ওয়াগন) মো. রবিউল ইসলাম এবং বিভাগীয় সংকেত ও টেলিযোগ প্রকৌশলী আহমেদ ইশতিয়াক জহুর।

দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধারের বিষয়ে কমিটির সদস্য ও বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) শেখ আসিফ আহমেদ জানান, ঈশ্বরদী রেলওয়ে স্টেশন থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন বেলা ১১টার পর দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। তিনি আরও জানান, দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী ট্রেন পৌঁছানোর পর উদ্ধারকাজ শুরু করা হবে। উদ্ধারকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ থাকবে।

কন্টেন্ট: সংগৃহীত