সুনামগঞ্জের শাল্লা উপজেলায় মাদক ও পুলিশের ওপর হামলার মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে উপজেলার হবিবপুর ইউনিয়নের নারকিল গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত তাজেল ইসলাম ওই গ্রামের আব্দুল মালেকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, তাজেল ইসলাম ২০১৭ সালের পুলিশের ওপর হামলা ও মাদক মামলা এবং ২০১৯ সালের দু’টি মাদক মামলার আসামি। এর মধ্যে ২০১৭ সালের একটি মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
এ বিষয়ে শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত জামিল জানান, পুলিশ তাকে দু’দিন পূর্বে সন্দেহজনকভাবে আটক করেছিল। কিন্তু তার এনআইডি কার্ডের সাথে মামলার এজাহারের তথ্যের মিল না থাকায় তখন তাকে ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে মামলার এজাহারের কপির সাথে তাজেলের পরিচয় যাচাই করে নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

