যশোরের বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টে ইমিগ্রেশন সার্ভারের স্টপলিস্টে নাম থাকায় মো. হুমায়ুন তালুকদার নামে এক যাত্রীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। তিনি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের সুভল্লা এলাকার বাসিন্দা আব্দুর রশিদ তালুকদারের ছেলে। তিনি মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা কৃষক লীগের বহিষ্কৃত সভাপতি হিসেবে পরিচিত।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে ভারতে যাওয়ার উদ্দেশ্যে তিনি বেনাপোল ইমিগ্রেশনে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে যান। এ সময় সিস্টেম যাচাইকালে সার্ভারের স্টপলিস্টে তার নাম শনাক্ত হয়। পুলিশের তথ্য অনুযায়ী, মির্জাপুর থানায় তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে।
বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ সাইফুর রহমান খান বিষয়টি নিশ্চিত করে জানান, হুমায়ন তালুকদার কালো তালিকায় অন্তর্ভুক্ত থাকায় তাকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশনের পরিচালক শামীম হোসেন বলেন, “স্টপলিস্ট ভুক্ত কোনো ব্যক্তি ইমিগ্রেশনে এলে নিয়ম অনুযায়ী তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনাতেও প্রচলিত বিধি অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’’

