গাইবান্ধায় দাফনের ৭৭ দিন পর কবর থেকে বৃদ্ধের মরদেহ উত্তোলন

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় আদালতের নির্দেশে দাফনের ৭৭ দিন পর তৈয়ব আলী সরকার (৮০) নামে এক বৃদ্ধের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার নলডাঙ্গা কেন্দ্রীয় কবরস্থান থেকে মরদেহটি উত্তোলন করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

মরদেহ উত্তোলনের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমানের উপস্থিতিতে সাদুল্লাপুর থানার এসআই রিপন, নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঘটনার সূত্রে জানা যায়, নিহতের বড় মেয়ে কহিনুর বেগম বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় তার ছোট বোন রহিমা বেগম, ভাগ্নি সুমাইল আক্তার, ভাগ্নিজামাতা হামিদুল ইসলাম, নলডাঙ্গা শাখার ব্যাংক ম্যানেজার সোহাগ মিয়াসহ অজ্ঞাতনামা আরও দুইজনকে আসামি করা হয়েছে। আদালতের নির্দেশে মামলাটি সাদুল্লাপুর থানায় এজাহার (এফআইআর) হিসেবে রেকর্ড করা হয়েছে।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, তৈয়ব আলী সরকারের অসুস্থতার সুযোগ নিয়ে তার ব্যাংক হিসাব থেকে চুরি হওয়া চেকবই ব্যবহার করে ১৭ লাখ ৭২ হাজার ৬৩৮ টাকা আত্মসাৎ করা হয়েছে। এরপর সম্পত্তি দখলের উদ্দেশ্যে এবং অর্থ আত্মসাতের ঘটনা গোপন রাখতে গত ১৯ মে রাতে তাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। ঘটনার পর স্বাভাবিক মৃত্যু হিসেবে দ্রুত দাফন সম্পন্ন করা হয়েছিল। পরবর্তীতে কাফনের কাপড়ে রক্তের দাগ দেখতে পাওয়া এবং ব্যাংক থেকে টাকা আত্মসাতের তথ্য প্রকাশ্যে আসায় নিহতের বড় মেয়ে আদালতের শরণাপন্ন হন।

কন্টেন্ট: সংগৃহীত