নাটোরের লালপুরে ত্রিমুখী সংঘর্ষে কৃষিশ্রমিক নিহত, আহত ২

নাটোরের লালপুর উপজেলায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো. ইয়ারুল (৩০) নামের এক কৃষিশ্রমিক প্রাণ হারিয়েছেন। বুধবার (৫ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে ঈশ্বরদী–বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের নবীনগর এলাকায় অ্যাম্বুলেন্স, ব্যাটারিচালিত অটোভ্যান এবং শ্যালো ইঞ্জিনচালিত গাড়ির ত্রিমুখী সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। নিহত ইয়ারুল উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের উধনপাড়া গ্রামের নাজিম উদ্দীনের ছেলে।

দুর্ঘটনায় আহত অন্য দুই শ্রমিক হলেন একই গ্রামের বাবু (৪০) ও সাজদার (৫০)। তারা পেশায় কৃষিশ্রমিক হিসেবে বিভিন্ন এলাকায় ধান রোপণের কাজ করতেন। স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে অটোভ্যানে করে শ্রমিকরা পাবনার ঈশ্বরদী উপজেলার জয়নগর এলাকায় ধান রোপণের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। নবীনগর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির অ্যাম্বুলেন্স অটোভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে অটোভ্যানটি বিপরীত দিক থেকে আসা স্থানীয়ভাবে পরিচিত শ্যালো ইঞ্জিনচালিত ‘কুত্তা গাড়ি’র সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়।

এই ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই ইয়ারুলের মৃত্যু হয়। স্থানীয়রা আহত বাবু ও সাজদারকে উদ্ধার করে প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে এবং এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত