জুলাই গণ-অভ্যুত্থানের মহান শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার বিষয়ে সরকার বদ্ধপরিকর। বুধবার সকালে বরিশালের আমতলার মোড় এলাকায় ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ শ্রদ্ধা নিবেদন শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এ প্রত্যয় ব্যক্ত করেন।
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন উপলক্ষে মন্ত্রী প্রথমে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, জেলা প্রশাসক মামুন খন্দকার, বরিশাল সিটি কর্পোরেশন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা, বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান।
এ সময় তথ্যমন্ত্রী বলেন, ‘যেই বীর শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়ে এক নতুন বাংলাদেশ পেয়েছি, তাদের রক্তের মর্যাদা প্রতিষ্ঠা করা আমাদের অন্যতম দায়িত্ব।’ তিনি আরও উল্লেখ করেন, ছাত্র-জনতার এই ত্যাগের মূল লক্ষ্য ছিল একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠন করা। সেই লক্ষ্য অর্জনে অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে তিনি পুনর্ব্যক্ত করেন।

