মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে পুনঃনির্মাণ করবো। বুধবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে রাজধানীর শাহবাগে অবস্থিত জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেন, এই গণঅভ্যুত্থানের মূল চেতনার আলোকে জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়ন করা হবে।
তারেক রহমানের নেতৃত্ব এবং জুলাই গণঅভ্যুত্থানে তার নিরলস অবদানের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার যাত্রা শুরু হয়েছে। তিনি পুরো জাতিকে সঙ্গে নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন। আহমেদ আযম খান আরও বলেন, সমৃদ্ধ গণতান্ত্রিক জাতি গঠনের জন্য তিনি সকলের সক্রিয় অংশগ্রহণ ও ভূমিকা প্রত্যাশা করেন।
এ সময় মন্ত্রী রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, যে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ ও দল গত ১৮ বছর ধরে মাঠে থেকে আন্দোলন-সংগ্রামে জুলাই গণঅভ্যুত্থান সৃষ্টি করেছেন এবং ছাত্র-জনতাকে সহায়তা করেছেন, তারা যেন নিজেদের সামান্য স্বার্থে জাতিটাকে দ্বিধাবিভক্ত না করেন। ফ্যাসিবাদের মতো আচরণ করে কেউ যদি দেশকে বিভক্ত করার চেষ্টা করেন, তবে জনগণ তা মেনে নেবে না বলে তিনি মন্তব্য করেন। জনগণ এখন সমৃদ্ধি ও গণতন্ত্র চায় এবং তাদের কথা বলার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

